খেলা না থাকলেও কঠোর অনুশীলনে মন নেইমারের

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে ফরাসি ফুটবলের শীর্ষ লিগ ‘লিগ ওয়ান’। ইতিমধ্যে চ্যাম্পিয়ন হিসেবে নেইমার-এমবাপ্পের দল প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নামও ঘোষণা করা হয়েছে। ফলে এই মুহূর্তে মাঠের খেলা বন্ধ পিএসজির খেলোয়াড়দের। তবে লিগ ওয়ান ছাড়াও আরও তিন প্রতিযোগিতায় টিকে আছে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপের ফাইনালে খেলবে দলটি। আর সেখানে নিজের সেরাটা দেওয়ার জন্য একাকী কঠোর পরিশ্রম করে যাচ্ছে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। মাঠে খেলা ফিরলেই যেন নিজের সর্বোচ্চটা দিতে পারেন, তাই ক্লাবে থাকলে যেমন পরিশ্রম করতেন, তাই করছেন বলে নিজের ওয়েবসাইটে জানিয়েছেন নেইমার।
২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের অনুশীলনে সহায়তা করছেন দীর্ঘদিনের ব্যক্তিগত কোচ রিকার্দো রোসা। নেইমার নিজের অনুশীলন নিয়ে কঠোর পরিশ্রমের বিষয়ে বলেন, ‘ক্লাবে থাকলে যেভাবে করতাম, এখানে একই নিয়মে কঠোর পরিশ্রম করছি। আসলে খেলা না থাকায়, এর অভাব পুরনের জন্য আরও কঠোর অনুশীলন করছি আমি।’ এরপরে আরও যোগ করেন, ‘লক্ষ্য হলো, সময় আসলে যেন ক্লাবের কাজে লাগতে পারি। তখন আমি যেন নিজের সেরা অবস্থায় থাকতে পারি।’ চলতি মৌসুমে পিএসজির হয়ে ২২ ম্যাচে ১৮ গোল করা নেইমার মাঠের খেলাটা খুব মিস করছেন জানিয়ে আরও বলেন, ‘অবশ্যই আমি মাঠের ফুটবল মিস করছি। তবে রিকা (ব্যক্তিগত কোচ) একটা পরিকল্পনা তৈরি করেছে যা আমি অনুসরণ করছি। এটা আমাকে এখন চাঙা রাখছে।’

ভাগ