স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুরে গতকাল আবু মুছা (২১) নামে এক যুবক সন্ত্রসাীদের হাতে ছুরিকাহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছুরিকাহত আবু মুছা জানিয়েছেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শংকরপুর জমাদ্দারপাড়ায় ছোটনীর মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন। এ সময় ওই অঞ্চলের সাব্বির, ফাহিম, বাদল ও অনিসহ ৭/৮ জন সন্ত্রাসী এসে তাকে ছুরিকাঘাত করে। এ সময় আবু মুছা পাশে পুকুরে ঝাপ দিলে সন্ত্রাসীরা পানিতে নেমে তাকে পুনরায় ছুরিকাঘাত করে। এরপর লোকজন ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু মুছা শংকরপুর ছোটনীর মোড়ের নুরনবীর বস্তির ভাড়াটিয়া হাফিজুর রহমানের পুত্র। আবু মুছা জানিয়েছেন, শংকরপুরের কাউন্সিলর গোলাম মোস্তফা গ্রুপের সাবিব্র, ফাইম বাদলের সাথে তিনি বেড়াতেন। বর্তমানে ঢালাই কাজ করেন এবং একাকি চলেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেছে।
এছাড়া গত বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের সাইফুল ইসলাম বাবু (৩৫) ও ইমন (৩০) নামে দু’সহোদর হামলার শিকার হয়েছেন। তারা স্থানীয় বেলতলা বাজারের মুদি ব্যবসায়ী। পিতার নাম মহিউদ্দিন। সাইফুল ইসলাম জানিয়েছেন, পাশের গ্রাম বেলেমাঠের সদু নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাত ৭টার দিকে দোকানে পলিথিনের কাগজ কিনতে আসে। কিন্তু তিনি বাকিতে না দেয়ার কারণে সদু তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে গ্রাম থেকে খবর দিয়ে ৭/৮ জন লোক এনে তার দোকানে হামলা চালায় এবং দু’সহোদরকে মারপিট করে। হামলাকারীরা ফিরে যাওয়ার সময় দোকানের ক্যাশবাক্স থেকে ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে সাইফুল ইসলাম জানিয়েছেন।





