পাইকগাছায় বাস শ্রমিকদের ত্রাণের জন্য সড়ক অবরোধ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় পরিবহন বাস শ্রমিকরা ত্রাণের জন্য সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার সকালে ত্রাণ দেওয়ার জন্য ইউএনও তার কার্যালয়ে ডেকে আনেন শ্রমিকদের। এ সময় ৫ কেজি চাল, ১কেজি আলু, আধা কেজি করে লবণ, ডাল, তেল দিতে চাইলে শ্রমিকরা ক্ষেপে ওঠে। নেবনা, নেবনা বলে মিছিল করতে করতে চলে যায়। তারা পাইকগাছা জিরোপয়েন্ট ও তেলের পাম্পের কাছে অবরোধ সৃষ্টি করে বন্ধ করে দেয় ছোট বড় সকল যান চলাচল। ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। প্রায় ১ ঘন্টা এ অবস্থা চলাকালে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ইউএনও জুলিয়া সুকায়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাতুল আলম ও ওসি এজাজ শফী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কর্তৃপক্ষ তাদের দাবি কী তা লিখিতভাবে জানাতে বলেন। দাবি মেনে নিয়ে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে মাসে ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ লিটার তেল, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ ও ২ টি সাবান দাবি করে উপজেলা নির্বাহী অফিসার বরার লিখিত আবেদন করেন স্থানীয় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক। সভাপতি আবুল কালাম জানান, ৫৬৯ শ্রমিক ৫২দিন গাড়ি বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানবিক দিক বিবেচনা করে শ্রমিকদের ত্রাণ দিতে গিয়ে বিপদে পড়েছেন। তারা ত্রাণের পরিবর্তে আড়াই হাজার টাকা বা ২০ কেজি চাল দাবি করেন।

ভাগ