স্টাফ রিপোর্টার ॥ পাওনা টাকা চাওয়ায় সাবেক ভাড়াটিয়া মোছা. রওশানারা নিজের মাথার চুল কেটে মিথ্যা দোষারোপ করছেন বলে অভিযোগ করেছেন যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার করুনা বেগম নামে এক নারী। বুধবার দুপুরে প্রেস কাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে করুনা বেগম বলেন, রওশানারার কাছে ঘরভাড়ার ১৭ হাজার টাকা এবং ধার নেয়া ৫ হাজার টাকা পেতেন। কিন্তু এই টাকা না দেওয়ায় তিনি তাকে বাড়ি থেকে নামিয়ে দেন। তবে তিনি পাওনা টাকার দাবি ছেড়ে দেননি। ফলে তাকে শায়েস্তা করতে এবং পাওনা টাকা না দেওয়ার জন্য রওশানারা নিজের মাথার চুল কেটে তাকে দোষারোপ করছেন। এ ঘটনায় পুলিশের কাছেও অভিযোগ দেয়া হয়েছিলো। কিন্তু পরে পুলিশের তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দেয়া তুলে নিতে বাধ্য হয়েছিলেন রওশানারা। তিনি বলেন, তার বিরুদ্ধে রওশানারা বিভিন্নস্থানে মিথ্যা অভিযোগ করে চলেছেন। তিনি এর বিচার চান। সংবাদ সম্মেলনে চাঁচড়া রায়পাড়া এলাকার রেশমা হিজড়া, আনিচুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ৫ মে রওশানারা প্রেস কাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি করুনা বেগমের বিরুদ্ধে চুল কেটে নেওয়ার অভিযোগ করেছিলেন।




