করোনা পরিস্থিতে আম-লিচু বাজারে আনতে সভায় বসছে সরকার

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারির মধ্যে লকডাউন পরিস্থিতিতে আম, লিচুসহ অন্যান্য মৌসুমি ফল সুষ্ঠুভাবে বাজারজাত করার পথ খুঁজতে সংশ্লিষ্টদের নিয়ে সভায় বসছে সরকার। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আগামী শনিবার বেলা ১১টায় এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে ভার্চুয়াল সভা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ, কর্মকর্তা, ফল চাষী, ফল ব্যবসায়ী, আড়তদার এবং সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিদের যুক্ত করা হবে।
আম, লিচুসহ অন্যান্য মৌসুমি ফল ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। আমের প্রধান উৎপাদনস্থল দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কোন জাতের আম কবে গাছ থেকে নামানো যাবে সেই সময়ও নির্ধারণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা পরিস্থিতিতে মৌসুমি ফলের ব্যবসায়ীদের কাপালে ভাঁজ পড়েছে। অনেক খামারি এবার আগেভাগে ফল ব্যবসায়ীদের কাছে গাছ বা বাগান বিক্রি করতে পারেননি। যারা ফলের বাগান কিনেছেন, তাদের চিন্তা আরও বেশি। সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন ৭২ প্রজাতির ফলের চাষ হয়। গত দেড় যুগে দেশে ফল উৎপাদন বেড়েছে সাড়ে ১১ শতাংশ হারে, মাথাপিছু ফল খাওয়ার পরিমাণও গত এক যুগে দ্বিগুণ হয়েছে।

ভাগ