স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ দিনে দুপুরে ছাত্রাবাসের একটি কক্ষে নারী নিয়ে ফুর্তি করার সময় পুলিশের হাতে আটক হয়েছে যশোরের মনিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান দীপ। এ সময় আটক করা হয় এক নারীকেও। পুলিশ বুধবার দুপুরে পৌরশহরের পোষ্টঅফিস পাড়ার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। দীপ উপজেলার জামজামি গ্রামের প্রয়াত ঠিকাদার সিদ্দিকুর রহমানের ছেলে।
মনিরামপুর থানার এসআই জহির রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে পৌরশহরের পোষ্ট অফিস পাড়ার একটি ছাত্রবাসের কক্ষে অভিযান চালিয়ে নারী নিয়ে ফুর্তি করার সময় হাবিবুর রহমান দীপকে আটক করা হয়। এ সময় সেখান থেকে এক নারীকেও আটক করা হয়। তারা দুজনেই এখন থানায় পুলিশি হেফাজতে রয়েছে। হাবিবুর রহমানা দীপ মনিরামপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক। পুলিশ জানিয়েছে, আটক ওই নারী ঢাকার একটি বেসরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা-মা দুজনেই কলেজ শিক্ষক। তবে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন হাবিবুর রহমান দীপের সাথে ওই ছাত্রীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বিদ্যমান রয়েছে। ইতিপুর্বে তাদের নিয়ে এ ধরনের স্ক্যান্ডাল হয়েছিল। ওই ছাত্রীর বাবা-মা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অনেক চেষ্টার পরও তারা মেয়েকে নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়েছেন। মনিরামপুর থানার ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন,এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে চালান দেয়া হবে।





