সারওয়ানের উপর ক্ষোভ ঝেড়ে বিপদে গেইল

লোকসমাজ ডেস্ক॥ সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও নিকৃষ্ট, তুমি একটা সাপ, তুমি পেছনে ছুরি মারার মতো লোক, তুমি আসলে এখনো অপরিণত।’- একসময়ের জাতীয় দলের সদস্য রামনারেশ সারওয়ানকে নিয়ে এভাবে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তারকা ক্রিস গেইল। আর এই কথা গুলোর জন্য বিপদের মুখে পড়তে পারেন গেইল। পেতে পারেন সাময়িক নিষেধাজ্ঞা কিংবা যে কোনো প্রকারের শাস্তি। জ্যামাইকা তালওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা শুরু করেন গেইল। ২০১৬ সালে দলটিকে নেতৃত্ব দিয়ে শিরোপার স্বাদও এনে দেন। তবে এরপরে ক্লাবটি ছেড়ে দিতে হয় তাকে। যোগ দেন সেন্ট কীটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে। তবে গত মৌসুমে আবার জ্যামাইকাতে ফেরেন তিনি। যদিও বছর না ঘুরতে আবারও নতুন দলে ভিড়তে হলো তাকে। তবে জ্যামাইকাতে থাকতে না পারার কারণ হিসেবে গেইল মনে করেন, দায়ী তাঁর সাবেক সতীর্থ সারওয়ান।
জ্যামাইকা তালওয়াসের সহকারী কোচ সারওয়ান ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ও মালিকের সাথে শলাপরামর্শ করে সরিয়ে দিয়েছেন তাকে। এমনটা প্রকাশ করে সারওয়ানকে নিয়ে কঠিন মন্তব্য করেন গেইল। এছাড়াও জ্যামাইকা তালওয়াসের প্রধান নির্বাহী জেফ মিলার ও মালিক ক্রিশ পারসাউদ তাঁর সঙ্গে নাটক করেছেন বলে মন্তব্যও করেছেন গেইল। আর এগুলো আমলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইলকে সরাসরি নিষেধাজ্ঞার কথা না বললেও, শাস্তির ইঙ্গিত দিয়েছেন ক্যারিবীয় বোর্ড প্রধান রিকি স্কেরিট। ব্যক্তিগত দ্বন্দ্বকে এভাবে জনসম্মুখে আনার বিষয়টিও পছন্দ হয়নি স্কেরিটের।
চুক্তিপত্রের বিষয় টেনে এনে স্কেরিট বলেছেন, ‘যখন কোন খেলোয়াড় বোর্ড বা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিতে থাকে, তখন সেই চুক্তির কারণেই অপবাদ দেওয়ার মতো কোন কথা বলতে পারে না। বললে সেটা চুক্তিতেই একটা কালো দাগ বসিয়ে দেয়। আমার মনে হয় গেইল হয়তো খারাপ কিছুর মুখোমুখি হতে যাচ্ছে। কারণ গেইল একটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। এবং সে অপবাদ দেওয়ার মতো কাজ করেছে।’ এসময় পুরো ঘটনাটিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘দেখুন আমি গেইলের ব্যাপারে কোন সিদ্ধান্ত দিচ্ছি না। তার নিজের মাথায়ই হয়তো অনেক চিন্তা ঘুরছে, তাই এভাবে জনসম্মুখে সব বলেছে। তবে আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক। তবে যেহেতু সে একজন চুক্তিবদ্ধ খেলোয়াড়। তাই একটা প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করা হবে।’

ভাগ