রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে কয়েকটি মাছের ঘের দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘের মালিক আমজাদ হোসেন শেখ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রসাদনগর মৌজায় ইউপি সদস্য আমজাদ হোসেনের কেরেসের ঘের, লম্বা ঘের, আড়াইকুড়া ঘেরসহ কয়েকটি ঘের স্থানীয় প্রসাদনগর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মেজবাহ উদ্দিন মুক্ত তার বাহিনী দ্বারা দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ওই সব ঘেরে ঘের দখলবাজ মুক্তর সামান্ন কিছু জমি থাকার সুবাদে সে আমজাদ হোসেনের জমি দখল করে নিয়ে মাছের ঘের করার অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে মেজবাহ উদ্দিন মুক্তর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি জলদস্যু ও ভূমিদস্যু নই। অহেতুকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রকৃত জমির মালিক। এ বিষয়ে রামপাল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, উভয় পক্ষের কাগজ যাচাই বাছাই করে মীমাংসা করে দেওয়া হবে। যাতে কেউ ক্ষতিগ্রস্থ না হন।




