খুলনা সংবাদদাতা॥ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনার ডাকবাংলাসহ সব মার্কেট সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই খুলনার শপিংমলসহ সড়কে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। ভিড়ের কারণে যানবাহন ও জনমানব একাকার হয়ে গেছে। খুলে দেওয়া এসব শপিংমল ও দোকাপাটগুলোর কোথাও স্বাস্থ্য বিধি মানছে না কেউ। এর আগে ১০ মে থেকে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো এলাকার ১৭টি মার্কেট খুলে দেওয়া হয়। প্রথম দিন থেকেই মার্কেটগুলো লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রায় প্রতিটি মার্কেটেই ক্রেতাদের ঠাসাঠাসি ভিড় লক্ষ্য করা গেছে। এসব মার্কেটে নামমাত্র স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্বের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ফলে কারোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খুলনার খুলে দেওয়া মার্কেটগুলো হলো- খুলনা শপিং কমপ্লেক্স, দরবেশ চেম্বার ও নিক্সন মার্কেটসহ খুলনা রেলওয়ে সড়কের ১১টি মার্কেট, খুলনা বিপনী কেন্দ্র, খুলনা বিপনী বিতান ইত্যাদি। এসব মার্কেটে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন। মার্কেটে ভিড়ের কারণে নগরীর প্রতিটি সড়কেই যানজট লেগে আছে। যানবাহনের ভিড়ে পথচারিরাও যাতায়াতে দুর্ভোগে পড়ছেন। এদিকে আজ বুধবার (১৩ মে) থেকে খুলে দ্য়ো হবে খুলনা নিউ মার্কেট। এ ব্যাপারে নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান গোরা জানান, রোববার মালিক সমিতির সভায় নিউ মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার তা থেকে সরে আসেন ব্যবসায়ীরা। নতুন সিদ্ধান্ত অনুসারে বুধবার (১৩ মে) খুলে দেওয়া হবে নিউ মার্কেট। সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা থাকবে। তবে, সকল স্বাস্থ্য বিধি প্রতিপালন করা হবে। ইতোমধ্যেই মার্কেটের ভিতরে প্রতিটি দোকানের সামনে নিরাপদ দূরত্বের বৃত্ত আঁকা হয়েছে।





