পিঠে ব্যথার চিকিৎসা করতে গিয়ে মিলল রোগীর দেহে তিন কিডনি!

লোকসমাজ ডেস্ক॥ পিঠ কিংবা কোমরের ব্যথায় কম বেশি সবাই ভুগে থাকেন। বিশেষ করে যারা সারাদিন বসে কাজ করে তাদের এই সমস্যা বেশি হয়ে থাকে। সাধারণভাবে এই ব্যথা একটু যত্ন নিলেই সেরে যায়। তবে মাঝে মধ্যে তা গুরুতর বিপদেও ফেলতে পারে।
সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা ঘটেছে ব্রাজিলে। স্বাভাবিকভাবেই একজন মানুষের দুটি কিডনি থাকে। তবে তিন কিডনি নিয়ে সবাইকে অবাক করেছেন এক যুবক!
বেশ দীর্ঘদিন ধরেই কোমর ব্যথায় ভুগছিলেন তিনি। প্রথম প্রথম খুব একটা গুরুত্ব না দিলেও কিছুতেই কমছিল না কোমরের যন্ত্রণা। তাই শেষে সহ্য করতে না পেরে ডাক্তারের স্মরণাপন্ন হলেন ৩৮ বছরের তরতাজা যুবক। আর কোমরে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে ওই যুবক জানতে পারলেন তার দেহে দুটি নয়, রয়েছে তিনটি কিডনি! মেডিকেল ইতিহাসে এমন ঘটনা এখন পর্যন্ত একশোটিরও কম।
ব্রাজিলের সাও পাওলোতে এই ঘটনাটি ঘটেছে। কোমরে ব্যথার জন্য ডাক্তার দেখালে তার সিটি স্ক্যান করা হয়। সেখানে দেখা যায় তার ‘স্লিপ ডিস্ক’ হয়েছে। আর পাশাপাশি সিটি স্ক্যানে ধরা পড়ে ওই ব্যক্তির তিনটি কিডনি রয়েছে। তার বামপাশের কিডনিটি স্বাভাবিক। তবে ডানপাশে দুটি কিডনি রয়েছে এবং তা একে অপরের সঙ্গে সংযুক্ত। কিডনি দুটিও রয়েছে পেলভিসের কাছে।
ডাক্তাররা জানিয়েছেন, ওই ব্যক্তির তিনটি কিডনি থাকলেও সবকটি একেবারে স্বাভাবিক। কোমরে ব্যথার কারণ স্লিপ ডিস্ক। সাধারণ ক্ষেত্রে কিডনি মূত্র থলির সঙ্গে মূত্রনালির মাধ্যমে সংযুক্ত থাকে। তবে ওই ব্যক্তির ক্ষেত্রে জোড়া কিডনির একটি থেকে মূত্রনালী বেরিয়ে মূত্রথলিতে মিশেছে। জোড়া কিডনির অন্যটি থেকে একটি মূত্রনালী বেরিয়ে স্বাভাবিক কিডনি থেকে বেরোনো মূত্রনালির সঙ্গে মিশেছে। তারপর তা গিয়ে মূত্রথলিতে মিশেছে।
চিকিৎসকদের মতে, ওই ব্যক্তি মাতৃগর্ভে ভ্রূণ রূপে থাকার সময়েই এই অতিরিক্ত কিডনিটি তৈরি হয়। সাধারণ ক্ষেত্রে মানুষ এই অতিরিক্ত কিডনির উপস্থিতির কথা জানতে পারে না। এই ক্ষেত্রেও ওই ব্যক্তির আলাদা কোনো ব্যথা-বেদনা ছিল না। যদি না তার স্লিপ ডিস্ক হতো, তাহলে হয়তো তিনি কখনোই জানতে পারতেন না তার তিনটি কিডনি। তবে এই তিনটি কিডনি থাকার ঘটনা খুবই বিরল।
সূত্র: টাইমস নাও

ভাগ