স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর বিরামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবু (২৫) নামে এক যুবক জখমের ঘটনায় সোমবার কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৬ জনকে আসামি করে মামলাটি করেছেন আহতের পিতা নুর হোসেন। আসামিরা হচ্ছেন-বিরামপুরের সাজু (৪০) ও তার ছেলে নাহিদ (২০), একই এলাকার খায়ের (২৫), আইয়ুব (৩৫) ও রুবেল (২৬) এবং জামাল উদ্দিনের ছেলে মোদাচ্ছের (৩০)। নুর হোসেনের অভিযোগ, তার ছেলে বাবু উপশহরের একটি ইজিবাইকের শো-রুমে চাকরি করে। আসামিদের সাথে তার ছেলের পূর্বশত্রুতা ছিলো। গত রোববার সন্ধ্যার দিকে বাবু ইজিবাইকের শো-রুমে যাচ্ছিলো। পথে বিরামপুরে জনৈক মোটা সাইদুলের বাড়ির সামনে পৌঁছালে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বাবুর ওপর চড়াও হন। এ সময় তারা তাকে মারধর এবং ছুরিকাঘাত করেন। পরে বাবুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান।





