স্টাফ রিপোর্টার ও সংবাদদাতা, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় সাকিব হোসেন নামে (১২) বছরের এক শিশুর চোখ উপড়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে নৃশংস এ ঘটনা ঘটে। থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক নিহতের নানি ফাতেমা বেগমের উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার ইফতারের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পায়নি। এই অবস্থায় রাত পার হয়। সোমবার সকাল থেকে তারা আবারও শিশুটিকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে তার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে, হত্যার পর তার ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান জানান, শিশুটি হত্যার খবর তিনি শুনেছেন। হত্যার সাথে যারাই জড়িত হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব ঘটনা নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছেন। শিশু সাকিব চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান বাড়িতে থেকে লেখাপড়া করতো। স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সাকিব। কী কারণে নির্মম হত্যার স্বীকার হল সে তার অনুসন্ধান করা হচ্ছে বলে জানান থানার ওসি।





