কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৫৭) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। সোমবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবলু হোসেন উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের মৃত সানারুদ্দিনের ছেলে। প্রত্যদর্শীরা জানান, প্রতিদিনের মত তিনি কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ভোর রাত ৩ টার দিকে রাস্তার ওপর একটি মৃতদেহ পড়ে থাকা দেখা যায়। দেখা যায় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনায় সত্যতা স্বীকার করেছেন।





