পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলার কয়রা সীমান্তে এক গৃহবধূকে ইফতারির শরবতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ও দেবরকে আটক করা হয়েছে। লাশ স্বামীর বাড়িতে জায়গা না দেওয়ায় বাবার বাড়িতে দাফন করা হয়েছে। মামলার বিবরণ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত ৩ মে সন্ধ্যায় কয়রা উপজেলা থেকে ১৯ ও পাইকগাছা থেকে ১৮ কিলোমিটার দূরে হরিনগর গ্্রামে স্বামী, শ্বশুর ও দেবর যোগসাজশ করে ইফতারির শরবতে বিষ মিশিয়ে গৃহবধূ রিমাকে খাওয়ায়। কিছুক্ষণ পর জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকলে প্রতিবেশীদের চাপে স্থানীয় পল্লী চিকিৎসক জেহের আলীকে ডেকে আনা হয়। রিমা মৃত্যুর আগে তাকে বিষ খাওয়ানো হয়েছে বলে ডাক্তারকে জানায়। ডাক্তার তাকে দ্রুত হাপাতালে নিয়ে ওয়াশ করানোর ব্যবস্থা করান। তারপরও অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে স্বামীর বাড়িতে কবর দিতে না দেওয়ায় বাপের ভিটা পাইকগাছার গজালিয়ায় কবর দেওয়া হয়েছে। মৃত্যুকালে রিমার রেখে যাওয়া দু মাসের জাহিদা ও ৫ বছরের শাহিদা নামে দুই মেয়ে তাদের দাদা-দাদির কাছে রেখে দিয়েছে। কয়রা থানায় মৃতের মা মমতা বেগম রিমার স্বামী কিবরিয়া সানা, দেবর কারিজুল সানাসহ অজ্ঞাত ২/৩ জনের নামে হত্যা মামলা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।





