১৯ বছর বয়সেই পরপারে ইতালিয়ান ফুটবলার

লোকসমাজ ডেস্ক॥ ইতালিয়ান লিগ পুনরায় মাঠে গড়ানোর প্রস্তুতি চলছে। লকডাউনের এই সময়টায় বাড়ির মধ্যেই ট্রেনিং চালিয়ে যাচ্ছিলেন আটলান্টার মিডফিল্ডার আন্দ্রে রিনালদি। শুক্রবার অনুশীলনের সময় হঠাৎ স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেন ১৯ বছর বয়সী এই ফুটবলার, হাসপাতালে নেয়ার তিনদিনের মাথায় চলে গেলেন পৃথিবী ছেড়ে।
তরুণ এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে লেগনানো। সিরি’ডির এই ক্লাবে ধারে খেলতে গিয়েছিলেন আন্দ্রে রেনালদি। লেগানানো এক বিবৃতিতে জানিয়েছে, ‘আকস্মিক, দুঃখজনক, যা ভাবা আসলেই অসম্ভব। অসুস্থ হওয়ার পর তিনদিন লড়েছে আন্দ্রে। দুর্ভাগ্যজনকভাবে কিছুই করার ছিল না।’
লেগনানোর চেয়ারম্যান জিয়াভান্নি মুনাফো বলেন, ‘যখন আন্দ্রে অনুশীলনে আসতো, প্রথমেই আমার সঙ্গে দেখা করতো। এই স্মৃতি আমার মনের মধ্যে সারাজীবন থাকবে। দারুণ এক ছেলে ছিল, সবার জন্য উদাহরণ। ক্লাবের পক্ষ থেকে আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
১৩ বছর বয়স থেকে সিরি’আর দল আটলান্টায় ছিলেন রিনালদি। ২০১৬ সালে ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১৭ লিগ শিরোপা ও সুপার কাপ জেতেন দুর্দান্ত প্রতিভাবান এই মিডফিল্ডার।
দলের তরুণ এই সদস্যকে হারিয়ে আটলান্টা এক বিবৃতিতে বলেছে, ‘তাকে সবসময়ই পাওয়া যেত, ইতিবাচক একজন ছিল। সে জানতো কিভাবে সকলের ভালোবাসার পাত্র হওয়া যায়।’
বিবৃতিতে তারা আরও বলেছে, ‘মাঠে তুমি ছিলে এমন একজন যে কিনা সবার শেষে হার মানতো, এবারও তুমি লড়েছো। তোমার অর্জন খুব সহজে মুছে যাবে না।’

ভাগ