যশোরের বড়বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ২ দোকানের জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ দেড়মাস পর দোকান ও শপিংমল খুলে দেওয়ার প্রথমদিন গতকাল রোববার স্বাস্থ্যবিধি না মানায় যশোর শহরের বড়বাজারের দুটি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে বড়বাজারের হাটখোলা রোডে অভিযান চালিয়ে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর এই জরিমানা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দেড়মাস বন্ধ থাকার রোববার থেকে সারা দেশে শর্ত সাপেক্ষে দোকান ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে যশোরের বিভিন্ন স্থানের দোকান ও শপিংমল খুলেছে। তবে শর্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তদারকির জন্য গতকাল দুপুরে বড়বাজারে অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত। পেশকার নাজমুল হুসাইন জানান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বড়বাজারের এইচ এম এম রোডের লিবার্টি শো-রুমে অভিযান চালিয়ে দেখতে পান সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ অপরাধে আদালত প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে একই অপরাধে মডার্ন কথ স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম হাটখোলা রোডে অভিযান চালায়। এ সময় সাড়ে ৭শ’ টাকা দরে কেনা প্রতিকেজি লবঙ্গ ১২শ’ টাকায় বিক্রি করার অপরাধে মেসার্স শ্যামল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধে সেখানকার এন এস স্টোরকে ১ হাজার টাকা এবং পি কে স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাগ