লোকসমাজ ডেস্ক॥ ক্রিকেট বিশ্বের বিধ্বংসী ওপেনারদের মধ্যে অন্যতম ছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন। এই ক্রিকেটারের একটা বিশেষ গুণ ছিল তিনি মঙ্গুজ ব্যাট দিয়ে খেলতেন। মঙ্গুজ ব্যাট হচ্ছে সেসব ব্যাট যেগুলোর হ্যান্ডেল স্বাভাবিক ব্যাটের হ্যান্ডেলের চেয়ে বড় হয় এবং মাঝের ব্লেড হয় তুলনামূলক ছোট। ২০১০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিংয়ে নামার সময় মঙ্গুজ ব্যাট নির্বাচন করেন হেইডেন। কিন্তু চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির কাছে বিষয়টি সুবিধার মনে হয়নি। যার ফলে তারা হেইডেনকে মানা করেছিলেন এই ব্যাট দিয়ে না খেলার জন্য। শুধু তাই না ধোনি হেইডেনকে এই ব্যাট দিয়ে না খেলার জন্য বলেছিলেন, বিনিময়ে যে কোনো কিছু দিতে রাজি তিনি। ১০ বছর পর সেই স্মৃতি সামনে নিয়ে আসলেন হেইডেন নিজেই।
যদিও হেইডেন ধোনির কথা রাখেননি। বরং দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে সেই ম্যাচে ৪৩ বলে ৯০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছিলেন। মঙ্গুজ ব্যাটের সেই স্মৃতি নিয়ে ভারতীয় সঞ্চালক রুপা রামানির সঙ্গে চেন্নাই সুপার কিংসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেডেন বলেন, ‘মঙ্গুজ ব্যাটের ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়া খুবই কঠিন। আমি এটির ব্যাপারে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। খেলোয়াড়রা আমাকে জিজ্ঞেস করত, কীভাবে একটা অর্ধেক ব্যাট দিয়ে খেলছি আমি?’
ধোনির সেদিনের কথা টেনে তিনি আরও যোগ করেন, ‘আমার মনে আছে, এমএস ধোনি আমাকে বলছিল, ‘‘দেখো বন্ধু! এই ব্যাট ব্যবহার না করার বদলে তুমি জীবনে যা চাও পাবে। দয়া করে এই ব্যাট ব্যবহার করো না।’’ আমি তখন ধোনিকে বোঝানোর চেষ্টা করলাম যে, এটি দিয়ে খেলার অভ্যাস আমার আছে এবং এতে বল লাগলে স্বাভাবিকের চেয়ে ২০ মিটার দূরে গিয়ে পড়ে।’ মঙ্গুজ ব্যাট ব্যবহার করা তাঁর একটা কৌশল বলে জানিয়ে হেইডেন আরও যোগ করেন, ‘আমি আমার ফ্র্যাঞ্চাইজিকে ঝুঁকিতে ফেলতে পারতাম না। এ বিষয়ে আমি আগে থেকেই কাজ করছিলাম। মঙ্গুজ ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কখনও কখনও ম্যাচের মাঝপথেও আমি মঙ্গুজ ব্যবহার করেছি। এটা একটা কৌশলও বলা যায়।’





