স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে শনিবার সকালে বাঁশবাগান থেকে শাহীদুল্লাহ মোল্লা (৮৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শাহীদুল্লাহ মোল্লার বাড়ি উপজেলার কাশিমনগর দণি পাড়ায়। বৃদ্ধের ছেলে আমীর হোসেন জানান, কয়েকমাস আগে তার মায়ের মৃত্যুর পর বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। শুক্রবার রাতের খাবার খেয়ে তার বাবা ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল সাতটার দিকে বাড়ির পাশে বাঁশ বাগানে একটি বাঁশ গাছে তার বাবার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী জানান, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে তিনি আত্মহত্যা করেছেন। মনিরামপুর থানার পুলিশ পরিদর্শক (সার্বিক) রফিকুল ইসলাম জানান, আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।





