লোকসমাজ ডেস্ক॥ কিডনির জটিলতা নিয়ে অসুস্থ অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকারকে নিয়ে তার পরিবার চিকিৎসার আশায় একের পর এক হাসপাতালে নিয়ে গেলেও কেউ ভর্তি নেয়নি। শেষ মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি নিলেও সেখানে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট এ হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার বেলা ১২টার দিকে গৌতম আইচের মৃত্যু হয়। তার মেয়ে সুস্মিতা আইচ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে বলেন, কোভিড-১৯ এর কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই। বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল, কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হল না, তিনি মারা গেলেন। আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না। তিনি জানান, তার বাবা গৌতম আইচ দীর্ঘ দিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন। তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলেও তার বাবা কোভিড-১৯ এ আক্রান্ত কি না, তা জানার চেষ্টাও হাসপাতাল কর্তৃপ করেনি।





