টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন না ওয়ার্নার

লোকসমাজ ডেস্ক॥ অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনার কারণে বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ইনস্টাগ্রাম লাইভে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে আড্ডা দিয়েছিলেন ওয়ার্নার। সেখানে বিশ্বকাপ নিয়ে কথা হয় দুজনের। ওয়ার্নার বলেছেন,‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে পারছে না। এ মুহূর্তে ১৬ দলকে একত্র করা কঠিন কাজ হবে। তবুও আইসিসি আশা ছাড়ছে না। এখনও তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে।’
এ বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘদিন। যে করেই হোক সিরিজটি আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। সিরিজটি খেলতে মুখিয়ে আছেন রোহিত শর্মাও। ওয়ার্নারকে রোহিত বলেন,‘আমি অস্ট্রেলিয়ায় খেলতে দারুণ উপভোগ করি। শেষবার ২০১৯ সালে আমরা সেখানে জিতেছিলাম। তুমি আর স্মিথ দলের বাইরে ছিলে। দারুণ উপভোগ করেছি সিরিজটি।’ ভারতের সীমিত পরিসরের সহ-অধিনায়ক আরও বলেন,‘আমাদের ব্যাটসম্যান ও বোলররা শেষ সিরিজে ফাঁটিয়ে পারফরম্যান্স করেছিল। এবারও তেমন পারফরম্যান্সের প্রত্যাশা করছি। আশা করছি দুই বোর্ড পরিস্থিতি বিবেচনা করে সিরিজটি চালু রাখতে পারবে। ক্রিকেট আবারও মাঠে ফিরলে দারুণ হবে।’ করোনার কারণে সিরিজটি হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে সফরের সকল আলোচনা সেরে নিচ্ছে দুই বোর্ড। করোনার কারণে সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা সামনে আরও বাড়তে পারে। তবে ভারতীয় দলের জন্য বিশেষ ছাড় দেবে অস্ট্রেলিয়া সরকার। তবে শর্ত আছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য। অস্ট্রেলিয়ায় পা রাখার পর দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই শর্তে রাজীও হয়েছে ভারতীয় ক্রিকেট দল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ট্রেলিয়া গিয়ে দুই সপ্তাহ আলাদা থাকবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।

ভাগ