যশোরে যুবক ছুরিকাঘাতের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে পারভেজ নামে এক যুবক ছুরিকাঘাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার পারভেজের পিতা সদর উপজেলার বাহাদুরপুর হঠাৎপাড়ার বাসিন্দা তোতা বিশ্বাস ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
আসামিরা হচ্ছে-শহরের ঘোপ বউ বাজারস্থ চাতালের পাশের আকর আলীর ছেলে ইমরুল (২০), ঘোপ নওয়াপাড়া রোডের আহাদ আলীর ছেলে রকি (২০), পুরাতন কসবা কাজীপাড়ার আনিচের ছেলে হানিফ (২১), রেলগেটস্থ হোটেল শাহরিয়ারের পেছনের লিয়াকত আলীর ছেলে শানু (২১) এবং সদর উপজেলার পাগলাদাহ গ্রামের ইরান (২২)। তোতা বিশ্বাসের অভিযোগ, পারভেজ ঘোপ বউ বাজার এলাকায় নানার বাড়িতে থাকে। আসামিদের সাথে তার ছেলের পূর্ব শত্রুতা ছিল। গত ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আসামি রকি মোবাইল ফোন করে পারভেজকে ডেকে মাহমুদুর রহমান স্কুলের পাশে নিয়ে যায়। সেখানে গেলে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে জখম করে। এছাড়া তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভাগ