স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও স্বাস্থ্য ভুমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় সমন্বিত উদ্যোগের কোন বিকল্প নেই। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে এ ব্যাপারে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
শুক্রবার বেলা ১১টায় যশোর সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার আশরাফ হোসেন, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু শাহীন, সেনা কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল হালিম খান, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। সভায় সিভিল সার্জন যশোরে করোনা সংক্রমনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। এদিকে, গতকাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা করা ১৩টি নমুনার রিপোর্ট দেয়া হয়েছে। এতে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে যশোর শহরের ৮৪ বছর বয়স্ক এক বৃদ্ধ, সদর উপজেলার চাঁদপাড়ার এক যুবক ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এক কিশোরী রয়েছে।





