কৃষিতে এডিপির ৪০ শতাংশ বরাদ্দ চেয়ে স্মারকলিপি

লোকসমাজ ডেস্ক॥ আগামী বাজেটে সরকারকে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। বৃহস্পতিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি। সারাদেশে এক সাথে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধন শেষে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দসহ কৃষক ক্ষেতমজুরদের বাঁচার ১১ দফা দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা বলেন, করোনাকালে কৃষি-কৃষক, অর্থনীতি ও দেশ বাঁচাতে কৃষি খাতকে গুরুত্ব দেওয়ার কোনও বিকল্প নেই। বিশেষ করে আমাদের দেশে যেখানে কৃষিতে মোট শ্রম শক্তির ৫৪ শতাংশ যুক্ত। শতকরা ৮০ ভাগ মানুষ কোন না কোনভাবে কৃষির ওপর নির্ভরশীল, সেখানে কৃষিই পারে আমাদের অর্থনীতিকে বাঁচাতে। নেতারা বলেন, বোরো ধান থেকে মোট খাদ্যের ৬০ শতাংশ আসে। তাই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং বাজার স্থিতিশীল রাখতে চলতি বোরো মৌসুমে চাল নয় মোট উৎপাদনের কমপক্ষে ২০ শতাংশ বা ৪০/ ৪২ লাখ টন ধান খোদ উৎপাদক কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে। কারণ কৃষক চাল উৎপাদন করে না, সরকার চাল কিনলে লাভবান হয় মিল ও চাতাল মালিক ব্যবসায়ীরা। ধান ক্রয়ে দলীয়করণ ও দুর্নীতি অনিয়ম বন্ধ করতে হবে। কৃষি, কৃষক বাঁচাতে আগামী বাজেটে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ কৃষি খাতে বরাদ্দ করা এবং কৃষিভিত্তিক শিল্প নির্মাণ করারও দাবি জানান তারা।

ভাগ