নতুন অধ্যায় শুরু করলেন ক্লোজা

লোকসমাজ ডেস্ক॥ আলোচনা দীর্ঘদিনের। বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে মিরোস্লাভ ক্লোজা যোগ দেবেন কি দেবেন না তা নিয়ে ছিলেন সিদ্ধান্তহীনতায়। অবশেষে সিদ্ধান্তে নিলেন। সকল জল্পনা-কল্পনা শেষ করে জার্মানের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক ক্লোজা বায়ার্নে যোগ দিলেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ‍চুক্তিও করেছে দুই পক্ষ। বায়ার্ন মিউনিখ আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বায়ার্ন মিউনিখের যুব দলের কোচ ছিলেন ক্লোজা। বড়দের সহকারী কোচের প্রস্তাব পাওয়ার পর ভেবে দেখার কথা জানান। দীর্ঘ সময় আলোচনার পর রাজী হয়েছেন প্রাক্তন ফরোয়ার্ড। পহেলা জুলাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আপাতত তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করেছে বায়ার্ন। বায়ার্নের প্রধান নির্বাহী বিবৃতিতে বলেছেন,‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি মিরো বায়ার্ন ক্যাম্পাসে বড়দের দলের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ১৫-২০ বছর জার্মানের সফলতম স্ট্রাইকার ছিলেন তিনি। আমি নিশ্চিত আমাদের স্ট্রাইকাররাও তাকে পেয়ে খুশি হবে।’
২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার ক্লোজা বলেছেন,‘এটা দারুণ অনুভূতি। আমি ছেলেদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। হেন্সি ফ্লিকের (বায়ার্নের হেড কোচ) সঙ্গে আমার দীর্ঘদিনের জানাশোনা। আমরা জাতীয় দলে একসঙ্গে কাজ করেছি। দুজন দুজনেক বিশ্বাস করি, সেটা পেশাদার ও ব্যক্তি জীবনেও। আমার কোচ ক্যারিয়ারের এটি আরেকটি অধ্যায় শুরু হল। আশা করছি আমার অভিজ্ঞতা সবার সাথে ভাগাভাগি করতে পারব এবং বায়ার্নকে সর্বোচ্চ সাফল্য এনে দিতে পারব।’ ২০১৪ বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের জার্সি খুলে রাখেন ক্লোজা। ১৩৭ ম্যাচে ৭১ গোল করেছেন তিনি। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত বায়ার্নে খেলেছিলেন ক্লোজা। দলের হয়ে লিগ শিরোপাও জিতেছেন। ২০১১ সালে বায়ার্ন থেকে লাজিওতে যান এ ফরোয়ার্ড।

ভাগ