লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতিতে মার্কেট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে আত্মঘাতী উল্লেখ করে তা পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার দলটির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিংয়ে নেতারা এই আহ্বান জানান।
তারা বলেন, করোনাভাইরাসের বিপজ্জনক বিস্তারের সময় ঈদ উপলক্ষে কেনাবেচার যুক্তিতে মার্কেট, শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ করোনার প্রাণঘাতী সংক্রমণের দীর্ঘ চক্রে ঢুকে গেল। বাস্তবে হাট-বাজার-মার্কেট-শপিং কমপ্লেক্সসহ অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার তোয়াক্কা নেই। পোশাক কারখানা থেকে শুরু করে কোথাও সরকার ঘোষিত ‘সীমিত’ পরিসীমার মধ্যে কেউ থাকছে না। পোশাক কারখানায় ৩০ শতাংশ শ্রমিকের কাজের কথা বলা হলেও এখন প্রায় ১০০ ভাগ কারখানায় ৯০ শতাংশ শ্রমিক কাজ করছেন; যার ফলে শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নেতারা। করোনা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, সামাজিক সংক্রমণ শুরু হয়ে যাওয়ায় এবং দেশব্যাপী সংক্রমণের বিস্তার ঘটায় এখনি পরিস্থিতি নিয়ন্ত্রণেই বাইরে। লকডাউন শিথিল করে প্রায় সবকিছু খুলে দেওয়ার ফলে বাংলাদেশ ও তার জনগণ বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেল।
মানুষের জীবিকার প্রশ্ন নিশ্চয় গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। ব্যবসায়ীদের মুনাফা ও সাময়িক অসুবিধার জন্য লাখ লাখ মানুষের জীবনকে কোনোভাবেই বিপদগ্রস্ত করা যাবে না।- বলেন দলটির নেতারা। সভায় এপ্রিল মাসে পোশাক শ্রমিকদের মজুরি ৪০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং এই অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই অনলাইন মিটিংয়ে অংশ নেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





