লোকসমাজ ডেস্ক॥ ২০১৯ সালের মার্চের পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলস। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ২১ দিন নিষিদ্ধ হয়েছিলেন হেলস। এ কারণেই বিশ্বকাপ দল থেকে এই ওপেনারকে বাদ দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্বকাপের পর এক বছর হয়ে গেলেও দলে ফিরতে পারেননি হেলস। তবে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক সাফ জানিয়েছেন, হেলসের জন্য দলের দরজা খোলা আছে। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস অর্জন করতে পারলেই তাকে দলে ফেরানো হবে।
ক্রিকবাজকে মরগ্যান বলেছেন,‘আমরা খালি চোখে যেটা সেটাই আসলে বিশ্বাস করি। আসলে আমাদেরকে বিশ্বাস অর্জন করতে হবে। আমি মনে করি না, এটার জন্য নির্দিষ্ট কোনো সময় আছে। এটা শুধু আমি নই আমাদের দলের প্রত্যেক খেলোয়াড়, পর্দার পেছনের কর্মীরা, নির্বাচকরা প্রত্যেকে এটা বিশ্বাস করে।’ ‘প্রায় ১১ মাস হল অ্যালেক্সের সঙ্গে ঘটনাটি ঘটেছে। এখনও খুব বেশি দেরি হয়নি। যেটা হয়েছিল সেটা আসলে আমাদের দলের জন্য অনাকাঙ্খিত ছিল এবং অ্যালেক্সের জন্যও বিষয়টি অপ্রীতিকর। এজন্য তাকে পুনরায় বিশ্বাস করতে হবে। তবে এ মুহূর্তে তাঁর জন্য দরজা খোলা। তাকে অবশ্যই ফেরানো হবে।’ – যোগ করেন মরগ্যান। জাতীয় দলে খেলার সুযোগ হারালেও বিশ্বের বিভিন্ন প্রাণ্তে খেলেছেন হেলস। সিপিএল খেলেছেন বার্বাডোজ ট্রাইডেন্টস হয়ে। বিগ ব্যাশ খেলেছেন সিডনি থান্ডারের হয়ে। সবশেষ পিএসএলে খেলেছেন করাচি কিংসের হয়ে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফেরার ইচ্ছে তাঁর। দেখার বিষয় ১৩ হাজারের বেশি রান করা এ ব্যাটসম্যান জাতীয় দলে ফিরতে পারেন কিনা।





