লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের সংক্রামণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন অফিস করলেই ভাতা হিসাবে বাড়তি এক মাসের বেতন দেওয়ার বিশেষ প্রণোদনা ঘোষণা রয়েছে। তবে এর বেশি ব্যাংকে উপস্থিত থাকলেও অতিরিক্ত বেতন পাবেন না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ১০ দিনের বেশি উপস্থিত থাকলে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অতিরিক্ত যাতায়াত ভাড়া পাবেন।
মঙ্গলবার (০৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। যেখানে বলা হয়, ছুটিকালীন সময়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কমপক্ষে ১০ দিন ব্যাংকে কর্মরত থাকলে তা পূর্ণ মাস হিসাবে গণ্য হবে। তবে ১০ কার্যদিবসের কম উপস্থিত থাকলে আনুপাতিক হারে উক্ত ভাতা প্রাপ্য হবেন। আর ১০ দিনের বেশি উপস্থিত থাকলেও অতিরিক্ত ভাতা পাওয়ার কোনো সুযোগ নেই। অতিরিক্ত দিনগুলোতে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী যাতায়াত ব্যয় পরিশোধ করবে ব্যাংকগুলো। বিভিন্ন সূত্র জানা যায়, প্রণোদনা চালুর পর সব ব্যাংকের শাখাগুলোতে কর্মীদের কাজে যোগদানের আগ্রহ ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা প্রায় সবাই অফিস করা শুরু করেছেন। শাখা পর্যায়ে হাতে লেখা হাজিরা খাতায় অনেকে একদিন এসেই বাকি দিনের স্বাক্ষর করে রেখেছেন। এখন ব্যাংকে উপস্থিতি দেখিয়ে প্রণোদনার অর্থ চেয়ে প্রধান কার্যালয়ে পাঠাচ্ছে শাখাগুলো। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এলে তা স্পষ্ট করতে এ সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।





