এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় সরকারি প্রণোদনার কম্বাইন্ড হার্ভেষ্টারে ধান কাটা, মাড়াই করা ও প্যাকেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তা। সোমবার উপজেলার সিংহঝুলি মাঠে এই কার্যক্রম পরিদর্শন করেন তারা।
এদিন দুপুরে উপজেলার সিংহঝুলি মাঠে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রইচ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম মিল্টন, মাহবুবুর রহমান, মেহেরুন নেছা, হার্ভেষ্টার প্রণোদনা পাওয়া চাষী জামশেদ আলী প্রমুখ। সরকারি প্রণোদনার এই কম্বাইন্ড হার্ভেষ্টারের মাধ্যমে ঘন্টায় তিন বিঘা জমির ধান কেটে, মাড়াই করে, প্যাকেজিং করা যাচ্ছে। চলতি বছর এ উপজেলায় সরকারি ৫৮ লক্ষ ৭০ হাজার টাকা প্রণোদনায় ৪টি কম্বাইন্ড হার্ভেষ্টার ও ৩টি রিপার মেশিন প্রদান করা হয়েছে।




