কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা সোনাতলা বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ। ফলে ১২০ বিঘা জমির পাকা ধান ও ৪শ বিঘা জমির গরুর খাদ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে ওই বিলের পার্শ্ববর্তী গাজনা, বসন্তপুর ও মানিকনগর গ্রামের শতাধিক বাসিন্দার পক্ষে গাজনা গ্রামের লোকমান নামে এক কৃষক উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, গত ১ মে জুমার নামাজের পর ভারী বৃষ্টি হওয়ায় ওই বিলের প্রায় ৭০ বিঘা জমির পাকা ধান তলিয়ে যায়। এছাড়া বিলের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ ওপর থেকে পানি এসে আরও ৫০ বিঘা জমির পাকা ধান তলিয়ে যাবার উপক্রম হয়েছে। এমনকি এতে আরও ৪শ বিঘা জমির গরুর খাদ্য নষ্ট হবে বলে ওই এলাকার কৃষকদের আশঙ্কা। অভিযোগে আরও বলা হয়, পূর্ব পুরুষ থেকে ওই বিলের পানি নিষ্কাশনের জন্য একটি পথ ছিল। কিন্তু বর্তমানে কিছু ব্যক্তি সেই পানি নিষ্কাশনের সেই পথ বন্ধ করে দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। তাই আগের মত ওই বিলের পানি নিষ্কাশনের পথ সৃষ্টির দাবিও জানিয়েছেন কৃষকরা। আর পানি নিষ্কাশনের সুনিদিষ্ট পথ থাকলে সম্প্রতি কপোতাক্ষ নদ খননের কারণে কপোতাক্ষ নদ দিয়ে পানি চলে যেতে পারবে। এতে এক বিঘা জমির ফসল নষ্ট হবে না বলে উল্লেখ করেছেন ওই অভিযোগে। ওই বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে চলতি বছরসহ প্রতি বছর এভাবে ফসল ক্ষতি হতে থাকবে। ফলে কৃষকদের ভোগান্তির শেষ থাকবে না। তাই বিষয়টি ওই এলাকার কৃষকরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আর. এম. সেলিম শাহনেওয়াজ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েই উপজেলা কৃষি কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।





