লোকসমাজ ডেস্ক॥ প্রায় বছরখানেকের মতো হতে চললো ক্রিকেটের বাইরে আছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। সর্বশেষ সবুজ ক্যানভাসে নেমেছেন ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবার ফিরবেন এই গ্রেট এমন বিশ্বাস ছিল ধোনি ভক্তদের। তবে তাঁর জন্য নিজেকে প্রমাণ করতে হবে ধোনিকে এমনটা ঘোষণা দিয়েছিল ভারতীয় নির্বাচক থেকে শুরু করে কোচ রবি শাস্ত্রীও। নিজেকে প্রমাণের জন্য এই বছরের আইপিএলকে বেছে নিয়েছিলেন ধোনি। চেন্নাইয়ের হয়ে মাঠে নামার জন্য শুরু করেছিলেন অনুশীলনও। কিন্তু করোনাভাইরাসের মতো মহামারির কারণে বন্ধ হয়ে আছে আইপিএল। বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি তাই হয় তাহলে নীল জার্সিতে আর মাঠে নামা হবে না ধোনির।
ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টসকিডার কাছে এমন তথ্য দিয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক ও বর্তমান কিছু ক্রিকেটার। তবে নাম প্রকাশ করতে চাননি কেউই। ভারতীর দলের একজন সিনিয়র খেলার জানিয়েছেন, ধোনি এখনি অবসর নিচ্ছেন না। ধোনি আরেকবার মাঠে নেমে নিজেকে পরখ করতে চান। সেক্ষেত্রে এ বছর না হলেও সামনের বছরের আইপিএলে হলেও খেলতে চান ধোনি। ওই ক্রিকেটার বলেন, ‘তিনি সম্ভবত সামনের বছরের আইপিএল খেলে তবেই সিদ্ধান্ত নিবেন। এছাড়াও তিনি টি-টোয়েন্টিতে নিজেকে এখনো ফিট মনে করেন। আর লিগ খেলতে চান।’
দলের অন্য আরেকজন সিনিয়র ক্রিকেটার জানিয়েছেন, জাতীয় দলে খেলার আর কোনো অনুপ্রেরণা পাচ্ছেন না ধোনি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট খেললেও জাতীয় দলে কারো জায়গা আটকে রাখতে চাইছেন না ধোনি। তাঁর ভাষ্যে, ‘এই মুহূর্তে তিনি জাতীয় দলে খেলার মতো আর কোনো অনুপ্রেরণা পাচ্ছেন না। আসলে তিনি অনুভব করছেন দলে এখন অনেকে আছে উনাকে রিপ্লেস করার মতো। তিনি কারো জায়গা আটকে রাখতে চান না।’ ধোনির সাবেক সতীর্থ ও সাবেক ভারতীয় ক্রিকেটার বলেন, ‘আসলে যখন নিজেকে প্রমাণের সুযোগ আর থাকে না তখন পিছিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।’ এদিকে ধোনির খুব কাছের একজন জানিয়েছেন, ধোনি বিশ্বাস করেন রিষভ পান্ত তাঁর জায়গা দখল করার জন্য অপেক্ষায় আছে। যদিও ধোনি একটা বিদায়ী ম্যাচ প্রাপ্য। তবে ধোনি নিজেই চাইছেন না দলের মোমেন্টাম নষ্ট করতে। তিনি বলেন, ‘ধোনি একটা বিদায়ী ম্যাচ প্রাপ্য। কিন্তু সে দলের কম্বিনেশন এই মুহূর্তে আর নষ্ট করতে চাইছে না। ধোনি বিশ্বাস করে পান্ত তাঁর জায়গার জন্য আদর্শ। ব্যাট ও গ্লাভস হাতে দুর্দান্ত করছে পান্ত।’





