কর্মী-শুভাকাঙ্ক্ষীর চাঁদায় দুস্থদের পাশে বিপ্লবী ছাত্র মৈত্রী

লোকসমাজ ডেস্ক॥ করোনার সংক্রমণের শুরু থেকেই দেশের গরিব-দুস্থ-কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী। এই ক্ষেত্রে সংগঠনটি দুস্থ-কর্মহীনদের ত্রাণ-সামগ্রী দিতে কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের চাঁদায় গঠন করেছে একটি বিশেষ তহবিল। এই তহবিল থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দুস্থ ও কর্মহীনদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে, অন্যান্য রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের মতো কৃষকের ধান কাটায় অংশ নেয়নি এই সংগঠন। সংগঠনের নেতাকর্মীরা বলছেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় উদ্যোগে রাজধানীর বিভিন্ন বস্তি ও শ্রমজীবী এলাকায় স্বাস্থ্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া, রাজশাহী, নওগাঁ, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, যশোর, মাগুরা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলেও দেওয়া হচ্ছে এসব পণ্য। সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ রায় বলেন, ‘চলমান এই লকডাউনে দেশে পণ্য চলাচলে দেখা দিয়েছে বিপত্তি। অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। সঙ্গে কমছে মানুষের ক্রয় ক্ষমতাও। দেখা দিয়েছে খাদ্য সংকট। তাই কর্মহীন ও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ জানতে চাইলে সংগঠনের সভাপতি ইকবাল কবির বলেন, ‘২৬ মার্চ থেকে দেশে কার্যত লকডাউন রয়েছে। ওই দিনের পর থেকেই শ্রমজীবীরা হয়ে পড়েছেন কর্মহীন। সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করছি।’ ‘ইকবাল কবির বলেন, ‘আমরা মনে করি শুধু ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। এজন্য রাষ্ট্রকে আরও উদ্যোগী হতে হবে।’ এই লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ভাগ