কর্মহীনদের পাশে কমিউনিস্ট পার্টি

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের এই পরিস্থিতিতে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। রাজধানীর বিভিন্নস্থানে প্রায় প্রতিদিন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন দলের নেতারা। শুক্রবার (১ মে) দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ রাইজিংবিডিকে বলেন, ‘বিপদের এই মুহুর্তে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকবে আমাদের নেতা-কর্মীরা। আমি সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি, রাজনৈতিক দলসহ দলমত নির্বিশেষে সবাইকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও চেষ্টার কমতি নেই। কিন্তু উনার নেতারা যেভাবে চুরি লুটপাট চালিয়ে যাচ্ছেন, একা তার পক্ষে পাহারা দেওয়া সম্ভব নয়।’ সততার সঙ্গে ত্রাণ বিতরণের দাবি জানান তিনি। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর শান্তিনগর চৌরাস্তা, তেজগাঁও রেললাইন বস্তি, হোটেল সোনারগাঁও এর সামনে, কারওয়ান বাজার, ফার্মগেটসহ মোট ৬ টি স্পটে খোলা ট্রাকে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। খাদ্য পণ্যের মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ। বেশ কয়েকটি স্পটে খাদ্য সহায়তা শেষ হয়ে যাওয়ায় দলের সাধারণ সম্পাদক এম এ সামাদের তাৎক্ষণিক সিদ্ধান্তে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) সিপিবি(এম) পার্টির কেন্দ্রীয় কমিটি এই ত্রাণ সহায়তা কর্মসূচী পরিচালনা করে।

ভাগ