স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় গত বুধবার রাতে স্বাক্ষর (১৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে লোহার রড দিয়ে পিটিয়েছে আরেক যুবক। পরে স্থানীয় লোকজন সবুজ গাজী (২৫) নামে হামলাকারী ওই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন। আটক যুবক একই এলাকার মাহফুজ গাজীর ছেলে। বেজপাড়া আনসার ক্যাম্পের পেছন এলাকার বাসিন্দা রবিউল ইসলামের অভিযোগ, তার ছেলে স্বাক্ষরের সাথে সবুজের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত বুধবার রাত ৯টার দিকে সবুজ তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আনসার ক্যাম্পের পিছনে জনৈক আজম আলীর বাড়ির সামনে নিয়ে আচমকা লোহার রড দিয়ে সে স্বাক্ষরের মাথায় আঘাত করে। এ সময় তার ছেলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। সাথে সাথে সবুজকেও আটক করা হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় মামলা করেছেন।





