শিমুল হাসান,লোহাগড়া(নড়াইল)॥ নড়াইলের লোহাগড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলার পলাতক আসামী যুবলীগ কর্মী জাহিদ শেখকে আটকের পর তার আত্মীয়-স্বজনসহ গ্রামের কয়েকজন লোকে দুজন পুলিশ কর্মকর্তাসহ ৩ জন পুলিশের কনস্টবলকে মারপিট করে আসামীকে ছিনিয়ে নিয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার(৩০এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া বাজারে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম ডাকু শেখের ছেলে দলিল লেখক ও যুবলীগ কর্মী জাহিদ শেখ(৪১) দিঘলিয়া এলাকার এক কলেজ ছাত্রী অপহরন মামলার পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগড়া থানার এ,এস,আই কবির হোসাইন ও এ,এস,আই তুহিনের নেতৃত্বে কনষ্টেবল জয় দাস, সাইফুল ইসলাম ও রকি তালবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে জাহিদকে আটক করে। কিন্তু আটক জাহিদকে থানায় নিয়ে আসার জন্য পুলিশের গাড়িতে উঠাবার সময় জাহিদের আত্মীয়-স্বজনসহ এলাকার লোকজন লাঠি ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করে জাহিদকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে লোহাগড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। সূত্র জানায়, এঘটনায় তালবাড়িয়া গ্রামের জুলাই সরদারের ছেলে আরমান সরদার(৩২)কে আটক করেছে পুলিশ। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বলেন, আসামী জাহিদসহ পুলিশের উপর হামলাকারীদের আটকে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





