লোকসমাজ ডেস্ক॥ বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, বোরো ধান কাটা শুরু হয়েছে। এ সময় কৃষক যেন ধানের ন্যায্য দাম পায়, সেজন্য প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু করে সরকার নির্ধারিত দামে ধান ক্রয় করতে হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে বলা হয়, হাওরে ধান কাটা শুরু হয়েছে। কিছু এলাকায় ধান ক্রয় শুরু হয়েছে কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে-বাজারে ধানের দাম কমে গেছে। কৃষক কম দামে অর্থাৎ ৬৫০/ ৭০০ টাকা দরে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। কৃষকের ধান ভেজা—এই অজুহাতে ধান কেনা হচ্ছে না। অন্যদিকে কৃষকের কাছ থেকে ধান কম দামে কিনে বেশি দামে সরকারের কাছে বিক্রি করা হচ্ছে। বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, প্রয়োজনে খাদ্যগুদামে বা চাতালে ড্রায়ার মেশিনে ধান শুকিয়ে খোদ কৃষকের কাছ থেকেই নির্ধারিত দামে ধান ক্রয় করতে হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারিতে বিশ্বজুড়েই খাদ্য সংকটের পূর্বাভাস দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। দেশে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। আর বোরো থেকেই দেশের ধানের ৬০ ভাগ যোগান হয়। ফলে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮ লাখ টন থেকে বাড়িয়ে কমপক্ষে মোট উৎপাদনের ২০% সরকারি উদ্যোগে ক্রয়ের দাবি জানান তিনি।





