শার্শায় পটল ক্ষেতে সদ্যজাত শিশু উদ্ধার, কৃষকের ঘরে ঠাই

আজিজুল ইসলাম,বাগআঁচড়া, (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় একদিনের সদ্যজাত এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে এক কৃষক। বৃহস্পতিবার(৩০শে এপ্রিল) সকালে কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। কৃষক বজলুর রহমান জানান, সে ভোরে পটলের ক্ষেতে ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা দেখতে পায়। বস্তার ভীতরে কিছু একটা নড়াচড়া করছে দেখে বস্তার মুখ খুলতেই সদ্যজাত শিশুটি দেখতে পায়। শিশুটি একটি কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছিলো। শিশুটিকে বাড়িতে এনে সে প্রাথমিক পরিচর্যা করে সুস্থ্য করে তোলেন। এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসেন।
জানতে চাইলে উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটির বিষয় খোঁজ খবর নিয়েছি। কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেন। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাখে আল্লাহ মারে কে, কে বা কারা শিশুটিকে মেরে ফেলার উদ্দেশ্যে ফেলে দিয়ে যায়। আল্লাহর অশেষ মেহেরবানিতে জীবিত অবস্থায় নিঃসন্তান কৃষকের ঘরে ঠাঁই হলো শিশুটির।

ভাগ