চুয়াডাঙ্গায় প্রণোদনার বীজ সার পেলো ২ হাজার ৭০০ কৃষক

রিফাত রহমান, চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গা সদর উপজেলায় উচ্চফলনশীল আউস ধান বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থ বছরে ২টি কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ জন কৃষক ও ১৫ জন পেঁয়াজ চাষীকে সরকারী প্রণোদনায় বীজ ও সার দেয়া হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান। সেখানে আরো উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন বিশ্বাস ও সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ১ হাজার ২০০ জন ও দ্বিতীয় পর্যয়ে ১ হাজার ৫০০ জন কৃষককে প্রণোদনা হিসেবে বিঘা প্রতি উচ্চফলনশীল জাতের ধান বীজ ৫ কেজি, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ১৫ জন পিঁয়াজ চাষীকে ২০০ গ্রাম করে পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। তাছাড়া বাড়ির আঙ্গিনায় বিভিন্ন প্রজাতের ফল সব্জি উৎপাদনের জন্য জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার একই ইউনিয়নের মনিরামপুর কৃষানী উন্নয়ন সংঘের ৩ হাজার কৃষানীর মধ্যে ৭ প্রজাতের বীজ বিতরণ উদ্বোধন করেন।

ভাগ