যশোরের তিনটি বাজারের ১৯ দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ অধিকমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার অপরাধে বুধবার যশোর শহরতলীর রাজারহাটের ৩টি দোকানে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অপরদিকে শহরের পালবাড়ি ও ঘোপ বাবলাতলা বাজারে আলাদা অভিযান চালিয়ে অনিয়মের অপরাধে আরো ১৬ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে একটি টিম বুধবার দুপুরে রাজারহাট বাজারে অভিযান চালায়। এ সময় বেশি দামে আদা বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি দোকানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে বাজারের মহসিন স্টোরকে দেড় হাজার টাকা, মমিন ভান্ডারকে ৩ হাজার টাকা ও মেসার্স শিহাব ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য আব্দুর রকিব সরদার। এদিকে দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ঘোপ বাবলাতলা বাজার ও পালবাড়ি বাজারে আলাদা অভিযান চালিয়ে ১৬ মুদি দোকানিকে ৯ হ্জাার টাকা জরিমানা করেছেন। পেশকার নাজমুল হুসাইন জানান, অধিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য মূল্য তালিকা টাঙানো ছিলোনা এসব দোকানে। এ কারণে জরিমানা করা হয়।

ভাগ