যশোরে কলেজছাত্র লোকনাথ হত্যা মামলায় সিআইডি পুলিশের চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র লোকনাথ দে হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে সিআইডি পুলিশ। এ মামলায় ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট এবং একজন কিশোর হওয়ায় তার বিরুদ্ধে দোষীপত্র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই ফখরুল ইসলাম। চার্জশিটে অভিযুক্তরা হচ্ছে, যশোর শহরের বারান্দীপাড়ার মোল্যা ফারুক আহম্মেদের ছেলে সামিউল ইসলাম রাতুল, স্টেডিয়াম সংলগ্ন খ্রিস্টানপাড়ার সুলতান হোসেনের ছেলে অনিক ও মিশনপাড়ার তোতা মিয়ার ছেলে অনি। অপরদিকে ঘটনার সাথে জড়িত কিশোর অপরাধী হুমায়ুন কবীর সুজনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল হয়। সে শহরের পুরাতন কসবার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, যশোর শহরের ষষ্ঠীতলার বাসিন্দা কানাই লাল দে’র ছেলে লোকনাথ দে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র ছিলো। প্রায় ৫ বছর আগে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে সে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা লোক মুখে খবর পান লোকনাথকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে। এ খবর পেয়ে পরিবারের লোকজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে গিয়ে লোকনাথের লাশ দেখতে পান। এ ঘটনায় নিহতের পিতা কানাই লাল দে অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। তদন্তে সিআইডি পুলিশ উল্লিখিত চারজনকে হত্যাকা-ে জড়িত থাকার প্রমাণ পান।

ভাগ