যশোরে ১১ চিকিৎসকসহ কোয়ারেন্টাইনে ২৮

স্টাফ রিপোর্টার॥ যশোর জেনারেল হাসপাতালের ১১ চিকিৎসক ও ১১ নার্সসহ মোট ২৮ স্বাস্থ‌্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের তত্ত্বাবধায়কের জারি করা অফিস আদেশে এই কথা জানানো হয়। কোয়ারেন্টাইনে পাঠানো ডাক্তার, নার্সসহ অন্য স্বাস্থ‌্যকর্মীরা করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীদের সংস্পর্শে এসেছিলেন। তাদেরকে হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদের সঙ্গে যোগাযোগ করে নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। পর্যায়ক্রমে হাসপাতালের সব কর্মীকে পরীক্ষার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপকুমার রায় জানান, কোয়ারেন্টাইনের মেয়াদ হবে ১৪ দিন। এই সময়কালে তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন যশোর সদর উপজেলার। এই চারজনই জেনারেল হাসপাতাল সংশ্লিষ্ট। এদের মধ্যে একজন চিকিৎসকের স্ত্রী (৩৫) রয়েছেন। নাক, কান, গলার ওই চিকিৎসক আগেই করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। পরে তার স্ত্রীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই নারীর শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। আক্রান্তদের আরেকজন হাসপাতালের তত্ত্বাবধায়কের পিয়ন। শনাক্ত হওয়া অন্য দুইজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যাদের একজন সাংবাদিক। এই চার ব্যক্তির বাড়ি বুধবার দুপুরেই লকডাউন করেছে প্রশাসন।

ভাগ