লোকসমাজ ডেস্ক॥ করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার। এদিকে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়ে দিয়েছে, ২রা আগস্টের মধ্যে শেষ করতে হবে ঘরোয়া ফুটবল। ফ্রান্স সরকারের সিদ্ধান্তে চলতি মৌসুমের লীগে আর মাঠে নামা হচ্ছে না নেইমার-এমবাপ্পেদের। ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও চ্যাম্পিয়ন নির্ধারণ না করেই ফরাসি লীগ ওয়ান ও লীগ টু বাতিল করতে যাচ্ছে দেশটির পেশাদার ফুটবল লীগ কর্তৃপক্ষ। এর আগে চ্যাম্পিয়ন ঘোষণা না করে পেশাদার ফুটবল লীগ বাতিলের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। মার্চে লীগ ওয়ান স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছিল নেইমার-এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল অলিম্পিক মার্শেই। লীগ ওয়ানে টানা সপ্তম শিরোপার সামনে ছিল পিএসজি। লীগ বাতিল হওয়ায় টানা সপ্তম শিরোপার স্বাদ পাওয়া হচ্ছে না পিএসজি সমর্থকদের।।





