‘ঘরের’ খোঁজে নেইমাররা

লোকসমাজ ডেস্ক॥ নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এখন ‘ঘরছাড়া’। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ফ্রান্স সরকার সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে সবধরনের খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাতিল হয়ে গেছে ফ্রান্সের শীর্ষ দুই পেশাদার ফুটবলের আসর ফরাসি লীগ ওয়ান ও লীগ টু। লীগ ওয়ানে টানা সপ্তম শিরোপার সামনে ছিল পিএসজি। মার্চে লীগ ওয়ান স্থগিত হওয়ার আগে ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছিল নেইমার-এমবাপ্পেরা। ফরাসি ক্লাবটির কপালে এখন চিন্তার ভাঁজ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পিএসজি। উয়েফার পরিকল্পনা অনুযায়ী আগামী ১৫ই আগস্টের মধ্যে সম্পন্ন হবে কোয়ার্টার ফাইনাল। ফাইনাল ২৯শে আগস্ট। সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে খেলাধুলা আয়োজনের নিষেধাজ্ঞা থাকায় ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পিএসজির কোয়ার্টার ফাইনালে খেলতে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সরকারের অনুমতি না পেলে তারা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলবেন নিরপেক্ষ ভেন্যুতে। পিএসজি সভাপতি বলেন, ‘সরকারের সিদ্ধান্তকে পিএসজি সম্মান করে। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স লীগের বাকি ম্যাচ খেলতে বদ্ধপরিকর পিএসজি। সেটা যেকোন স্টেডিয়ামে হতে পারে। যদি সরকারের অনুমতি পাওয়া না যায় আমরা ফ্রান্সের বাইরে ম্যাচ আয়োজন করব। ভেন্যু হিসেবে বেছে নেয়া হবে সুরক্ষিত কোন শহরের স্টেডিয়ামকে।’

ভাগ