মাগুরা সংবাদদাতা॥ করোনা পরিস্থিতিতে পর্যাপ্ত শ্রমিকের অভাবে থাকা মাগুরার কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা স্বেচ্ছাশ্রম দিয়ে কৃষকদের পাকা ধান কেটে দিচ্ছেন। মাগুরা শহরের আর্দশ কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান ও জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন জানান, তাদের নেতৃত্বে মাগুরা সদরের রায় গ্রামের কৃষক ইনজাল মোল্লা ও গোলাম কওসার এর তিন বিঘা জমির ধান কেটে দিয়েছেন কর্মীরা। এদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ জানান, দলের কর্মীরা শালিখা উপজেলা ছাত্রদলের নেতৃত্বে উপজেলার রুহি দাস নামে এক কৃষকের ৪০ শতক জমির ধান কেটে দেন। এছাড়া বৃহস্পতিবার ছাত্রদলের নেতৃত্বে সদর উপজেলা মঘী মাঠে কৃষকের ধান কেটে দেওয়া হবে। মাগুরা জেলা কৃষি বিভাগের তথ্যমতে, মাগুরায় চলতি মৌসুমে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যেখান থেকে উৎপাদন হবে প্রায় এক লাখ ৮০ হাজার মেট্রিক টন চাল। যা জেলার চাহিদা মিটিয়ে, জাতীয়ভাবে খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে।




