লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথের প্রতিভায় মুগ্ধ ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। কিন্তু তাকে অদ্ভুত বলছেন ইংলিশ ক্রিকেটার। বল ফিক্সিং কেলেঙ্কারি শেষে অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন স্মিথ। ফিরেই ২২ গজে রাজা হয়ে যান প্রাক্তন অসি অধিনায়ক। পাঁচ টেস্টে রান করেন ৭৭৪। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন স্টোকস। কিন্তু দুজনের রানের ব্যবধান ছিল ৩৩৩। ব্যবধান-ই বলে দেয় স্মিথ ছিলেন কতটা উজ্জ্বল, কতটা দেদীপ্যমান। স্টোকসও স্বীকার করেছেন স্মিথ ছিলেন অসাধারণ, ধ্রুপদী।
রয়্যাল পোডকাস্টকে স্টোকস বলেছেন,‘যদিও সে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছে, তবুও এমন কিছু মুহূর্ত আসে যখন আপনাকে করতালি দিতেই হবে। হ্যাঁ স্মিথ ভিন্ন পর্যায়ের খেলোয়াড়। তাঁর ব্যাটিং অসাধারণ। তবে কিছুটা অদ্ভুত। ব্যক্তিগতভাবে আমি কখনোই তাঁর মতো ক্রিকেট খেলতে পারবো না বিশেষ করে সে যেভাবে ব্যাটিং করে। টেস্ট ক্রিকেটে সব সময় তাঁর ব্যাটিং গড় ষাটের বেশি। কেন বেশি তাঁর ব্যাটিং দেখলেই বোঝা যায়। এটা আমার জন্য নয়। সম্পূর্ণ তাঁর জন্য।’ প্রসঙ্গত, স্মিথের অসাধারণ পারফরম্যান্সে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। টেস্ট ক্রিকেট ‘মরে যাচ্ছে’ এমন অভিযোগ উঠছে গত কয়েক বছর ধরেই। এ মতের বিপক্ষে স্টোকস। স্টোকস বলেছেন,‘আমি নিশ্চিত করে বলতে পারি টেস্ট ক্রিকেট আগের অবস্থানেই আছে। দেখুন বিরাট কোহলি, জো রুটরা এটা নিয়ে কথা বলেছে। যদি টেস্ট ক্রিকেট সত্যিই পাল্টে যেত তাহলে এখনও এতো জৌলুস থাকতো না।’





