সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও নিকৃষ্ট: গেইল

লোকসমাজ ডেস্ক॥ ‘সারওয়ান, তুমি বর্তমানের করোনাভাইরাসের চেয়েও নিকৃষ্ট’- সম্প্রতি এক ভিডিও বার্তায় ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল তাঁর সাবেক ক্যারিবিয়ান সতীর্থ রামনারেশ সারওয়ানকে এমন কথা বলেন। ভিডিওটিতে গেইল আরও জানান, তিনি জ্যামাইকা তালওয়াহ ছেড়ে দেওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছেন সারওয়ান। যদিও সামনাসামনি সারওয়ান সবসময় এমন ভাব দেখায় যেন তিনি সাধু।
আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য গেইল গত সপ্তাহে জ্যামাইকা তালওয়াহ ছেড়ে সেন্ট লুসিয়া জুকসে যোগ দেন। আর যোগ দিয়ে নিজের ইউটিউব চ্যানেলে সেই খবর জানান তিনি। আর ঘোষণা দেন এই বিষয়ে আরও দুটো ভিডিও দিবেন তিনি। অবশেষে দ্বিতীয় ভিডিও ছেড়েছেন গেইল। আর সেখানে জ্যামাইকা তালওয়াহর সহকারী কোচ নিজের সাবেক সতীর্থ সারওয়ানকে ধুয়ে দেন গেইল। গেইল ভিডিওতে সারওয়ানকে নিয়ে বলেন, ‘সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও নিকৃষ্ট। জ্যামাইকার সঙ্গে আমার যা ঘটেছে, তার পেছনে তুমি মূল ভূমিকা পালন করেছো। তুমি আমার জন্মদিনের পার্টিতে এসে আমাদের উত্থান নিয়ে অনেক কথা বলেছো। আমাদের সম্পর্ক নিয়ে অনেক বিশাল বক্তৃতা দিয়েছো। আসলে তুমি একটা সাপ। তুমি নিজেও জানো ক্যারিবীয়রা কেউ তোমায় পছন্দ করে না। আর তাই তুমি আজ প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছো। তুমি অপরিপক্কের মতো পেছন থেকে ছুরি মেরেছো।’
সিপিএলে গেইলের নেতৃত্বে ২০১৩ ও ২০১৬ সালে জ্যামাইকা তালওয়াহ দুইবার শিরোপা অর্জন করে। এরপরে ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দেন গেইল। সেখান থেকে গত বছর আবার রাসেলের নেতৃত্বে জ্যামাইকাতে ফেরেন গেইল। তবে এক মৌসুম শেষে আবার দলটি ছেড়ে দিতে হচ্ছে তাকে। আর এর পেছনে গেইল মূল কারণ মনে করেন, সারওয়ানের প্রধান কোচ হতে চাওয়ার ইচ্ছা। এই কারণে দলটির বর্তমান অধিনায়ক রাসেলের সঙ্গেও মতবিরোধ ঘটে তার। এমন তথ্য জানিয়ে গেইল আরও যোগ করেন, ‘আমি ২০১৬ তে যখন জ্যামাইকা ছেড়ে যাই, তখন দলটি খুব চাঙা ছিল। আমি যাওয়ার পর সারওয়ান আমায় নিয়ে হাজার অভিযোগ, সমস্যার কথা বলে গেছে। দলের অধিনায়ক রাসেলের অগোচরে মিটিং করে তার সঙ্গেও মতবিরোধ ঘটায়। সে আসলে ফ্র্যাঞ্চাইজিটা দখল করে নিতে চায়। আসলে সে সবার চোখে সাধু সাজার চেষ্টা করে, ভালো মানুষ হয়ে থাকতে চায়। কিন্তু সারওয়ান তুমি আসলে শয়তান, তুমি উন্মাদ, তুমি একটা বিষ।’ গেইল এখন আর জ্যামাইকাতে নেই, নিজের মত ফ্র্যাঞ্চাইজিটিকে সাজিয়ে নিতে পারবে সারওয়ান। এমনটা বলে গেইল ভিডিওর শেষে যোগ করেন, ‘তুমি আর ভালোর পর্যায়ে নেই সারওয়ান। তুমি ঘৃণ্য সবার কাছে। তুমি ফ্র্যাঞ্চাইজিটি পেতে চেয়েছো। হ্যাঁ, গেইল সরে গেছে। এখন নিজের মতো করে চালিয়ে নাও।’

ভাগ