স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল এবং সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় কর্তৃক একটি তদারকিমূলক বাজার অভিযান গতকাল সদর উপজেলার বড়বাজারে পরিচালনা করা হয়। এসময় পেঁয়াজ, রসুন, আদা, আলু, সোয়াবিন তেল ও চালের পাইকারি আড়ৎ ও খুচরা দোকানগুলোতে ক্রয় রশিদের সাথে বিক্রয়ের সামঞ্জস্য আছে কিনা তা যাচাই করা হয়। পাশাপাশি প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কিনা সেটা যাচাই করা হয়। তদারকিকালে মূল্য তালিকায় কারসাজি করে বেশি দামে আদা ও ছোলা বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং মূল্য তালিকা হালনাগাদ না করার অপরাধে সূর্য দিপ্ত ষ্টোর, বি. পি. ট্রেডার্স, মেসার্স বজলু হাওলাদার, আব্দুল মতিন ষ্টোর, নিউ আমিন এন্ড সন্স ও ইয়াসিন ষ্টোর-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে বাজারে উপস্থিত সকল ব্যবসায়ীদেরকে যৌক্তিক লাভে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা এবং অবধারিতভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সর্বদা প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। করোনা ভাইরাসে অতংকিত হয়ে প্রয়োজনের অধিক নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় না করার জন্য ভোক্তা-ব্যবসায়ীদের সতর্ক করা হয়। উপস্থিত জনসাধারণেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা এবং অযথা ঘোরাঘুরি না করে ঘরে থাকার অনুরোধ করা হয়। অভিযানটি পরিচালনা করেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব, সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর সহকারী পরিচালক, জেলা বাজার কর্মকর্তা মোঃ সুজাত হোসেন খান এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার।





