চৌগাছায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় প্রতি দিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল সোমাবার আরও দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদ্বয় সম্পর্কে স্বামী-স্ত্রী ও প্রথম আক্রান্ত হওয়া ১৩ বছরের স্কুল ছাত্রের নানা ও নানী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাদের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে চৌগাছায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার উপজেলায় যে দুই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে তারা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মডেল স্কুল পাড়ার বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিদ্বয় সম্পর্কে স্বামী-স্ত্রী ও চৌগাছায় প্রথম করোনা আক্রান্ত ১৩ বছরের স্কুল ছাত্রের নানা ও নানী। চলতি মাাসের ২২ তারখে ওই স্কুল ছাত্রের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। একই দিন পৌর এলাকার ২ নং ওয়ার্ডের এক নারীর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর উপজেলা প্রশসন ও পৌর কর্তৃপক্ষ ওই বাড়ি দুটি লকডাউন করেন। কিন্তু পরিবার দুটির সদস্যরা এই লকডাউন না মানার কারনে উভয় পরিবার হতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে বলে অনেকে মনে করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার বলেন, প্রথমে শনাক্ত হওয়া স্কুল ছাত্র ও নারীর বাড়ি লকডাউন করা হলেও তারা সেটি আমলে নেয়নি। যার কারনে গত দুই দিনে এই পরিবার দুটি হতে নতুন করে আরও তিন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তিনি সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

ভাগ