লোকসমাজ ডেস্ক॥ ইয়েমেনের সব দলকে রিয়াদ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দ্বারা স্ব-শাসনের ঘোষণা দেয়ার পরেই এ আহ্বান জানালো দেশটি।
সৌদির উপ প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এক টুইটার বার্তায় বলেন, গত নভেম্বরে সই হওয়া রিয়াদ চুক্তি মেনে চলতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় অ্যাডেনের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছি আমরা।
খালিদ বলেন, বিশ্ব এখন এক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ সময়ে অবশ্যই অ্যাডেন নেতাদের তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সহিংসতার মাধ্যমে সেটা সম্ভব হবে না। রিয়াদ চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত। এটা অবশ্যই বাস্তবায়িত হবে।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, রিয়াদ চুক্তি ইয়েমেনের মানুষের স্বার্থরক্ষা এবং রাজনৈতিক সহায়তার নিশ্চয়তা। এতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়েরও সমর্থন রয়েছে। তাই ইয়েমেনকে পূর্বের অবস্থা ফেরানোর আহ্বান জানান তিনি।
আরব কোয়ালিশনও ইয়েমেনে আগের অবস্থা ফেরানোর ওপর জোর দেয়। তারা রিয়াদ চুক্তি মেনে চলার প্রতিও আহ্বান জানায়।
এর আগে, এসটিসি রোববার দক্ষিণাঞ্চলকে স্ব-শাসনের ঘোষণা দেয়। দীর্ঘদিন ধরে দেশটির সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তারা।
সূত্র- আরব নিউজ





