চৌগাছায় বিষাক্ত মদ পানে দুই ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপের্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হলেন পৌর এলাকার খলিলুর রহমান খলিল (৩৫) ও আদিবাসী পাড়ার সুবল সর্দার ওরফে রাঙি (৪০)। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও পরবর্তীতে জানা যায় তারা বিষাক্ত মদ পানে মারা গেছে। উপজেলার পুড়াহুদা গ্রামের শরিফুল ইসলাম নামের অপর একজন গুরুতর অসুস্থ হয়েছেন। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চৌগাছার ভাড়া বাড়িতে খলিলের মৃত্যু হয়। আর সুবল ওরফে রাঙির হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯ টার দিকে মৃত্যু হয়। বিকেল সাড়ে তিন টার দিকে খলিলের মৃত্যু হলেও পাশের বাড়িতেই থাকা তার আপন বড়ভাই জামাল উদ্দিন করোনায় মারা গেছে এই ভয়ে ওই বাড়ির কাছে কেউ যায়নি। মৃত খলিলুর রহমানের বৃদ্ধ মা একাই সন্তানের মাথার কাছে বসে ডুকরে ডুকরে কেঁদেছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজীব বলেন, প্রথম দিকে জানতে পারি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে, পরবর্তীতে বিষাক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে জানার পর লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। রবিবার সকালেই মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাগ