লোকসমাজ ডেস্ক॥ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও জনগণের দুর্ভোগ মোকাবিলায় সরকারের করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে ১৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার (২৬ এপ্রিল) সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন দলের প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন।
এদিকে সারাদেশে সিপিবির জেলা নেতারাও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধানমন্ত্রীকে এই স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়, করোনাভাইরাস সারাবিশ্বে আঘাত হেনেছে। এধরনের মহামারি গোটা বিশ্ব এবং বাংলাদেশ এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। এটি একটি বৈশ্বিক দুর্যোগ, পাশাপাশি একটি জাতীয় দুর্যোগ। ফলে এই মহাসংকট পৃথিবীর কোনো একটা দেশের পক্ষে যেমন মোকাবিলা করা সম্ভব নয়, তেমনি কোনো দেশে একা সরকার বা একক কোনো দলের পক্ষে তা মোকাবিলা করা সম্ভব নয়। সেজন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক ও জাতীয় উদ্যোগ। স্মারকলিপিতে করোনা মোকাবিলায় সিপিবি ও বিভিন্ন গণসংগঠনের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বলা হয়, কমিউনিস্ট পার্টি ও সহযোগী গণসংগঠগুলো জনগণের সহযোগিতায় বিপর্যস্ত মানুষের জন্য যা করেছে, তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। রাষ্ট্রীয় উদ্যোগ ছাড়া এ মহাবিপর্যয় থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।





